
পপ তারকা শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ আপাতত স্থগিত রাখা হয়েছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে আয়োজক সংস্থা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো জানিয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা বলেন, “বর্তমান পরিস্থিতিতে অনুরাগী, শিল্পী ও প্রোডাকশন টিমের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
প্রত্যেক টিকিট হোল্ডারকে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ টিকিটের অর্থ ফেরত দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে এই ঘোষণার পরও অনেক অনুরাগী হতাশা প্রকাশ করেছেন।
এর আগে, মার্কিন র্যাপার কেনি ওয়েস্ট-এর কনসার্টও একই কারণে পিছিয়ে গেছে। ২৯ মার্চ দিল্লিতে হওয়ার কথা ছিল তার অনুষ্ঠান, যা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে নতুন করে ২৩ মে নির্ধারণ করা হয়েছে।
শাকিরার ভারত সফরের কথা ছিল দীর্ঘ ১৮-১৯ বছর পর: ১০ ও ১১ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে পারফর্ম করার পরিকল্পনা ছিল।
আয়োজকরা জানিয়েছেন,নতুন তারিখ ঘোষণা করার জন্য শিল্পীর টিমের সঙ্গে আলোচনা করা হচ্ছে।