
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ির বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় বুধবার ( বিকাল সাড়ে ৩টা ) শহরের প্রধান বাজারে পরিচালিত হয় বিশেষ অভিযান।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( আইসিটি শাখা ) মোঃ সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুসসহ মৎস্য অফিস ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানকালে বাজারের মাছ,মাংস,সবজি ও মুদি দোকানগুলোতে তদারকি করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা, ট্রেড লাইসেন্স হালনাগাদ রাখা এবং ক্যাশমেমো প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন বলেন,“রমজান মাসে যাতে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই আজকের এ অভিযান। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আজ কোনো ধরনের জরিমানা করা হয়নি। তবে ভবিষ্যতে অভিযানে গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”