
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় তিন যুবক নিহত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। সোমবার (৬ জুলাই) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রিয়েল চাকমা (২১),পদ্ম চাকমা ( ১৯) ও ধনা চাকমা (২০)। রিয়েল চাকমার বাড়ি পানছড়ি উপজেলার আলীচান পাড়ায় এবং অপর দুইজনের বাড়ি রাঙ্গামাটি জেলায়।
স্থানীয় সূত্রের দাবি, তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস ( মূল )-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ দেওয়া হয়নি।
পুলিশ জানায়, তিনজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে পানছড়ি থানায় আনা হয় এবং পরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফেরদৌস ওয়াহিদ বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড তাজা গুলি ও ১৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনার দিন তারা স্থানীয় বাজারে যান। বাজার থেকে টমটমে করে ফেরার পথে মধুমঙ্গল পাড়ার একটি সিএনজি গ্যারেজের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা দাবি করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জেএসএস ( মূল )-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।