
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
একইসঙ্গে আগামী পাঁচ বছরে জেলায় ২০ লাখ বৃক্ষরোপণের মহাপরিকল্পনার ঘোষণাও দেওয়া হয়েছে, যা খাগড়াছড়ির সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। কর্মসূচিটি বাস্তবায়ন করছে খাগড়াছড়ি জোন, আর এতে সহযোগিতা করছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।
উদ্বোধনের পরপরই পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার ( জি-টু-আই )মেজর কাজী মোস্তফা আরেফিন,জেলা বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সমাজসেবক এস অনন্ত বিকাশ ত্রিপুরা, ম্রাসাথোয়াই মারমাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।