
জেমস আব্দুর রহিম রানা :: বাংলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। বোরো ধানের চারা রোপণ থেকে শুরু করে সেচ ও সার ব্যবস্থাপনা—সবকিছুতেই ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
যশোরের মনিরামপুর উপজেলায় শুরু হয়েছে নিবিড় মনিটরিং,সার সরবরাহ তদারকি ও কৃষকদের কারিগরি সহায়তা কার্যক্রম।
রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, কৃষকদের মাঝে এক ধরনের উৎসবমুখর কর্মচাঞ্চল্য। বীজতলা প্রস্তুত, জমি চাষ, চারা উত্তোলন ও রোপণ—প্রতিটি ধাপে কৃষি কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে দিকনির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে সারের সঠিক ব্যবহার, সময়মতো সেচ প্রদান এবং রোগবালাই প্রতিরোধে সচেতনতা বাড়াতে জোর দেওয়া হচ্ছে।
এদিন রোহিতা, খেদাপাড়া ও ঝাপা ইউনিয়নের একাধিক সার ডিলার পয়েন্ট পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোঃ মোশাররফ হোসেন। সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ না দিতে ডিলার ও কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। মজুদ পরিস্থিতি যাচাইয়ের পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন এবং বিক্রির রেকর্ডও খতিয়ে দেখা হয়।
পরিদর্শনকালে উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, বোরো ধান দেশের প্রধান খাদ্যশস্য। কোনো অসাধু চক্র যাতে সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে বা কৃষকদের কাছ থেকে বাড়তি দাম আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পর্যাপ্ত সার মজুদ রয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাঠ পর্যায়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহানাজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
রোহিতা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, আগে সারের দাম ও সরবরাহ নিয়ে দুশ্চিন্তা থাকত। এখন কর্মকর্তারা নিজেরাই দোকানে গিয়ে দাম যাচাই করছেন এবং মাঠে এসে পরামর্শ দিচ্ছেন। এতে কৃষকদের মধ্যে আস্থা তৈরি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মনিরামপুরে অন্তত ২৭ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে এবং বাকি জমিতেও দ্রুত কাজ এগোচ্ছে। সেচ সুবিধা নিশ্চিত করতে ডিপ টিউবওয়েল ও অগভীর নলকূপগুলো সচল রাখা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
মনিরামপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি আরও বিস্তৃত করা গেলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ উৎপাদন সম্ভব।
তিনি বলেন, নিয়মিত মাঠ পরিদর্শন, সার ও বীজের মান নিশ্চিতকরণ এবং সময়োপযোগী পরামর্শ প্রদানের মাধ্যমে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, সার সরবরাহে স্বচ্ছতা,সেচ ব্যবস্থার উন্নয়ন এবং মাঠভিত্তিক নিবিড় তদারকি অব্যাহত থাকলে মনিরামপুরে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা উজ্জ্বল।