
বেনাপোল প্রতিনিধি :: রাজস্ব ফাঁকি চেষ্টায় বেনাপোল বন্দরে ভারত হতে আনা ৩৫শো কেজি ইলিশের চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার ( ১৩ জানুয়ারি )রাতে বেনাপোল কাস্টমস হাউসের ৩১ নম্বর কাঁচামালের শেডে গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটক করা হয়।
বেনাপোল কাস্টমস সূত্র জানা যায়,ঘোষণাপত্রে ‘সুইট ফিস’ বা সাদা মাছ (বোয়াল, ফলিও ও বাঘাইর মাছ ) উল্লেখ থাকলেও বাস্তবে ২২৫ প্যাকেজে পণ্য চালানটির মধ্যে ৫৪ প্যাকেজে ভারতীয় ইলিশ পাওয়া গেছে। যাহার ওজন ৩৫শো কেজি ও বাজার মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা। ঘোষণার সঙ্গে পণ্যের এই স্পষ্ট অমিলের কারণে পুরো চালানটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
কাস্টমস নথি অনুযায়ী, চালানটির ভারতীয় রপ্তানিকারক ছিল মেসার্স আরজে ইন্টারন্যাশনাল ও বাংলাদেশি আমদানিকারক হিসেবে দেখানো হয় সাতক্ষীরার মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ। কাস্টমস ক্লিয়ারেন্সের দায়িত্বে ছিল বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট প্রতিষ্ঠান লিংক ইন্টারন্যাশনাল। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি,এই তিন পক্ষের সমন্বয়েই ঘোষণাপত্রে পণ্যের প্রকৃতি গোপন রেখে উচ্চমূল্যের ও নিয়ন্ত্রিত পণ্য কম শুল্কে খালাসের চেষ্টা করা হচ্ছিল।
এবিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন,ঘোষণাপত্রের সঙ্গে পণ্যের প্রকৃত অবস্থার স্পষ্ট অমিল পাওয়া গেছে, যা শুল্ক আইনের গুরুতর লঙ্ঘন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমদানিকারক, সি অ্যান্ড এফ এজেন্টসহ সংশ্লিষ্ট সবাই তদন্তের আওতায় রয়েছে।