
ঢন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি ৪২ ব্যাটালিয়ন।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে যাতে কোনো চক্র সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে তেল পাচার করতে না পারে,সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে।
জানা গেছে,দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ৭টি বিওপিসহ মোট ২৯টি বিওপি এবং ৫টি বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে বোতল ও জারকিনে করে পেট্রোল ও অকটেন পাচার রোধে সীমান্তজুড়ে কড়া নজরদারি রাখা হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন( ৪২ বিজিবি )-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি তেলের পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকল সংস্থা ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা সম্ভব।