
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কর্তন নিষিদ্ধ বিপন্ন প্রজাতির বিপুল পরিমাণ গোদা কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা বলে জানা গেছে।
শুক্রবার ( রাত ১১টা )গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালার বেতছড়ি আর্মি চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।
জানা যায়, বেতছড়ি সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন মোঃ হাসনাইন আলভীর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেনের নেতৃত্বে চেকপোস্টে দুইটি চাঁন্দের গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি দু’টি থেকে ১৩৫ পিস গোদা কাঠ জব্দ করা হয়। কাঠগুলোর মোট পরিমাণ প্রায় ১৫০ দশমিক ৬৬ ঘনফুট।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কাঠগুলো বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল। সেগুলো দীঘিনালা উপজেলার মেরুইউনিয়নের হাজাছড়া এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযান শেষে জব্দকৃত কাঠ মেরুং রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মেরুং রেঞ্জ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, “বিপন্ন প্রজাতির হওয়ায় সরকার ২০১৭-১৮ সালের দিকে গোদা গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। উদ্ধারকৃত কাঠ বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। কাঠ পাচারের সঙ্গে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।