
চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরের বীরগঞ্জে এক কলেজছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ ইব্রাহিম হোসেন ইমনকে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
শুক্রবার ( ১০ জুলাই )দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম হোসেন ইমন বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকার মোঃ তাওয়াজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী কলেজছাত্রী বীরগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী এবং বীরগঞ্জে একটি মেসে থেকে পড়াশোনা করতেন। আসামি ইমন দীর্ঘ দিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং ভয়ভীতি দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল দুপুরে কৌশলে ভুক্তভোগীকে বীরগঞ্জ সিনেমা হলের সামনে থেকে মোটরসাইকেলে তুলে নেয় ইমন। পরে তাকে ডিমলা পোস্ট অফিস মোড়ের একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ওই সময় ভুক্তভোগীকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে পরে আসামিপক্ষ বিয়ে করতে অস্বীকার করায় ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে ৮ মে বীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামি ইমন আত্মগোপনে চলে যায়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে এ ধরনের জঘন্য অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।