
স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদলী গ্রামের দরিদ্র দিনমজুর সাগর ( ৩৩) হত্যাকাণ্ডের বিচার চেয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২০ মে ) সকালে মানবাধিকার সংগঠন VARD-BANGLADESH ( ভার্ড-বাংলাদেশ ) এর আয়োজনে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে রাখা বক্তব্যে বক্তারা বলেন, ২০২৪ সালের ৯ ডিসেম্বর সাগরকে জোরপূর্বক তুলে নিয়ে নির্মম ভাবে নির্যাতন চালিয়ে গুরুতর জখম করে ফেলে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ ডিসেম্বর সাগরের মৃত্যু ঘটে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিহতের পরিবারের দাবি, ঘটনার পর মামলা না করার জন্য তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রও ছিনিয়ে নেওয়া হয়। অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো,ঘটনার প্রায় ১৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলা ও বিচারিক কার্যক্রমের অগ্রগতি হয়নি।
সাগর হত্যাকাণ্ডকে ঘীরে আলোচনায় উঠে এসেছে যশোরের শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ” এর নাম। স্থানীয় ও গণমাধ্যমে প্রকাশিত একাধিক খবরের সূত্র ধরে বেনাপোল সীমান্ত এলাকায় সোনা চোরাচালান,মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন,নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মূল হোতা শহিদ ওরফে গোল্ড শহিদ।অভিযোগ বিষয়ে জানতে যুবদল নেতা শহিদুল ইসলামের সহিত যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী।
সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান এম, এস, এ রেজা তার বক্তব্যে বলেন, “একজন অসহায় দিনমজুরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ ওঠার পরও যদি ১৬ মাসে একটি মামলাও না হয়,তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচারের জায়গাটি কোথায় দাঁড়ায়— সেটি আজ বড় প্রশ্ন।
আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, একটি নিরপেক্ষ তদন্ত ও আইনের সুষ্ঠু প্রয়োগ চাই। নিহত সাগরের পরিবার আজও নিরাপত্তাহীনতায় ভুগছে, বিচার চাইতে গিয়ে হুমকির মুখোমুখি হচ্ছে। আমরা সরকারের সর্বোচ্চ মহলের কাছে আবেদন জানাই— দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম আব্বাসী বলেন, “সাগর হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিচারিক অগ্রগতি না হওয়া অত্যন্ত হতাশাজনক। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এই ঘটনার সুষ্ঠু বিচার অত্যন্ত জরুরি।”
মানববন্ধনে রাখা বক্তব্যে আরও বলা হয়, শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ”-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ইতোমধ্যে ১০ দিন অতিবাহিত হলেও তদন্ত কমিটির কোনো প্রতিবেদন প্রকাশ বা দৃশ্যমান কার্যক্রম জনসম্মুখে উপস্থাপিত করেনী যা দুঃখজনক।
মানববন্ধন থেকে অবিলম্বে সাগর হত্যাকাণ্ডের মামলা গ্রহণ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার, ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
এছাড়াও VARD-BANGLADESH এর পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি বরাবর লিখিত আবেদন প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও সাগর হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন VARD-BANGLADESH এর ভাইস চেয়ারম্যান মোঃ আশিক মন্ডল, যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ হাসান ও মোঃ রিয়াজ (আপন), কার্যকরী সদস্য মোঃ আকাশ মাদবর এবং সদস্য হাফিজ উদ্দিন অনিম।