
চন্দন মিত্র ( দিনাজপুর )জেলা প্রতিনিধি:: দিনাজপুরে ৯ বছরের এক শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি তৈরি,অর্থ দাবি এবং পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ রনিকে ( ৩০) গ্রেফতার করেছে র্যাব। সে দিনাজপুর জেলার কোতয়ালী থানার বড়বন্দর ( নতুনপাড়া ) এলাকার বাসিন্দা এবং মোঃ মকছেদ আলীর ছেলে।
শনিবার ( ১৩ জুন )সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা বায়তুল মা’মুর জামে মসজিদের সামনে এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ ( সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প ) এবং র্যাব-১ ( সদর কোম্পানি,উত্তরা ) এর একটি আভিযানিক দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ৯ বছর বয়সী এক শিশু। সে মাঝেমধ্যে তার বাবার মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতো। এই সুযোগে আসামিরা ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার আশ্রয় নেয় এবং কৌশলে শিশুটির কিছু ছবি নিজেদের মোবাইলে সংরক্ষণ করে। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছবিগুলো এডিট করে আপত্তিকর ও কুরুচিকর ছবিতে রূপান্তর করা হয়।
ছবিগুলো বিকৃত করার পর আসামিরা ভুয়া আইডি থেকে শিশুটির বাবার মেসেঞ্জারে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৭ মে ২০২৬ তারিখ সকালে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনায় গত ২৪ মে ২০২৬ তারিখে শিশুটির মা মোছাঃ রুবিনা আক্তার (২৮) বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,২০১২ এর অধীনে একটি মামলা ( মামলা নং-১০৯) দায়ের করেন।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া ) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।