
চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( বালক-বালিকা ) ২০২৬ এর উদ্বোধন হয়েছে।
শনিবার ( ১৬ মে ) সকাল ৯টা ৩০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ( বালক, বালিকা )ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশুদের মেধা ও মনন বিকাশে সহায়ক এবং তাদেরকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।
উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।