স্টাফ রিপোর্টার :: ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও মানবকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ‘ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন–২০২৬ । সম্মেলনে দেশের বিভিন্ন ধর্মের বিশিষ্ট ধর্মীয় নেতা, শিক্ষাবিদ,সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
শনিবার ( ১১ জুলাই ) সর্ব ধর্মীয় ঐক্য ফোরাম (ALL RELIGIOUS UNITED FORUM-ARUF)-এর উদ্যোগে রাজধানীর ধানমন্ডির ইমানুয়েল কনভেনশন হলে "ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন–২০২৬" অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ প্রফেসর এম. মাইনুল আলম ( সাবেক উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয় ),ডঃমোঃ আবু সামসুদ (চেয়ারম্যান, বিশ্ব ধর্ম দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), স্বামী অনন্ত ( পরিচালক, ভারত সেবাশ্রম সংঘ, ঢাকা ),বিশপ সুব্রত মণ্ডল ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাপ্টিস্ট ফেডারেশন ) এবং প্রশান্ত কুমার বিশ্বাস ( বিশিষ্ট হিন্দু ধর্মীয় লেখক ও ডেপুটি ডিরেক্টর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সর্ব ধর্মীয় ঐক্য ফোরামের চেয়ারম্যান এইচ. এম. বরকতউল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান ফাদার আলবার্ট রোজারিও, ভাইস চেয়ারম্যান স্বপন রানা, বুদ্ধানন্দ মহাথেরো ও বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক জেসন অধিকারী, যুগ্ম সম্পাদক মুফতি আলামিন খান, কোষাধ্যক্ষ নিখিল হালদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এনামুল করিম, দপ্তর সম্পাদক সেতু মহালী, কার্যনির্বাহী বোর্ড সদস্য রিপন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, নিকোলাস হীরা, ভদন্ত অশিতরক্ষিত থেরো এবং শিশু কল্যাণ বিষয়ক সদস্য ডাঃ কল্পনা হালদার ।
সম্মেলনে বক্তারা বলেন, "সবার আগে মানুষ, তারপর তার পরিচয়।" ধর্মের নামে বিদ্বেষ, সহিংসতা ও বৈষম্যের কোনো স্থান নেই। পৃথিবীর প্রায় সব ধর্মই সত্য, ন্যায়, দয়া, ক্ষমা, সহমর্মিতা ও মানবসেবার শিক্ষা দেয়। তাই ধর্মকে বিভেদের নয়, মানবকল্যাণের শক্তিতে পরিণত করতে হবে। বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও সহিংসতার নিন্দা জানিয়ে শান্তি, সংলাপ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরে বক্তারা বলেন, এই দেশে মসজিদের আজান, মন্দিরের ঘণ্টাধ্বনি, গির্জার প্রার্থনা ও বৌদ্ধ বিহারের শান্তির বাণী যুগ যুগ ধরে পাশাপাশি উচ্চারিত হয়ে আসছে। এই ঐতিহ্য রক্ষায় সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় সর্ব ধর্মীয় ঐক্য ফোরামকে কেবল আলোচনা সভায় সীমাবদ্ধ না রেখে রক্তদান, বৃক্ষরোপণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অসহায় মানুষের সহায়তা, দুর্যোগে ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost