
জেমস আব্দুর রহিম রানা :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে জেলার সব আসনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা।
বুধবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোরের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় সকাল থেকেই প্রার্থী, সমর্থক ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। অনেক প্রার্থী প্রতীক পাওয়ার পরপরই সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণার প্রস্তুতি নিতে শুরু করেন।
যশোর-১ ( শার্শা )আসনে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীক পেয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজিজুর রহমান দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বকতিয়ার রহমান হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
যশোর-২ ( ঝিকরগাছা-চৌগাছা ) আসনে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলকভাবে বেশি। এখানে আটজন প্রার্থী নির্বাচনী প্রতীক পেয়েছেন। বিএনপির সাবিরা সুলতানা মুন্নি ধানের শীষ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদ দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী হাতপাখা, বাসদের ইমরান খান মই, বিএনএফের শামসুল হক টেলিভিশন এবং এবি পার্টির রিপন মাহমুদ ঈগল প্রতীক পেয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জহুরুল ইসলাম ঘোড়া এবং মেহেদী হাসান ফুটবল প্রতীক পেয়েছেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, জহুরুল ইসলাম সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিলেও তিনি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আবেদন জমা না দেওয়ায় তার প্রার্থিতা বহাল রয়েছে।
যশোর-৩ ( সদর ) আসনে ছয়জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলনের মুহাম্মদ শোয়াইব হোসেন হাতপাখা, জামায়াতের আব্দুল কাদের দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির খবির গাজী লাঙ্গল, জাগপার নিজামুদ্দিন অমিত চশমা এবং সিপিবির রাশেদ খান কাস্তে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
যশোর-৪ ( বাঘারপাড়া-অভয়নগর ) আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী এম. নাজিম উদ্দীন-আল-আজাদ মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। বিএনপির মতিয়ার রহমান ফারাজী ধানের শীষ, জামায়াতে ইসলামীর গোলাম রসুল দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের বায়েজীদ হোসাইন হাতপাখা, খেলাফত মজলিসের মাওলানা আশেক এলাহী দেওয়াল ঘড়ি, জাতীয় পার্টির জহুরুল হক লাঙ্গল এবং বিএমজেপির সুকৃতি কুমার মণ্ডল রকেট প্রতীক পেয়েছেন।
যশোর-৫ ( মণিরামপুর ) আসনে পাঁচজন প্রার্থী চূড়ান্ত প্রতীক বরাদ্দ পেয়েছেন। জাতীয় পার্টির এম. এ. হালিম পেয়েছেন লাঙ্গল প্রতীক। জামায়াতের গাজী এনামুল হক দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের জয়নাল আবেদীন হাতপাখা, বিএনপির রশীদ আহমাদ ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতীক পেয়েছেন।
যশোর-৬ (কেশবপুর ) আসনেও পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির আবুল হোসেন আজাদ ধানের শীষ, জামায়াতের মোক্তার আলী দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির জিএম হাসান লাঙ্গল, এবি পার্টির মাহমুদ হাসান ঈগল এবং ইসলামী আন্দোলনের শহিদুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, যশোর জেলার ছয়টি আসনে মোট ৩৫ জন প্রার্থীকে চূড়ান্তভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি সবাইকে নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে প্রচার চালানোর নির্দেশনা দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।