খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পারিবারিক কলহের জেরে মাহিনূর আক্তার (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত মাহিনূর আক্তার গোদাতলী এলাকার আবু তাহেরের মেয়ে। তিনি দুই শিশু সন্তানের জননী। তার স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া, বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ধারালো কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর জখম হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বামী আবুল কালাম দাবি করেন, ধস্তাধস্তির সময় দুজনের হাতে থাকা কোদালের আঘাত অনাকাঙ্ক্ষিতভাবে মাহিনূরের মাথায় লাগে। একই বক্তব্য দিয়েছেন তার মা খাদিজা বেগম। তবে নিহতের পিতা আবু তাহের অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাহিনূরের শাশুড়িও জড়িত থাকতে পারেন বলে তিনি দাবি করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাসুদ পারভেজ জানান,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত সন্দেহে স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost