স্টাফ রিপোর্টার :: পিরোজপুরের কাউখালীতে ভাত রান্না করা নিয়ে বিরোধের জেরে কানন বালা( ৬৫) নামে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সুজন বালা( ৩০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় সুজন বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ( ১৬ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, ওই রাতে একবেলা খাবারের জন্য কানন বালা দেড় পট চাল রান্না করেন। কেন দুই পট চাল রান্না করা হয়নি, এ নিয়ে ছেলে সুজন বালার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন কাঠের ডাসা দিয়ে মায়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন। এতে গুরুতর আহত হন কানন বালা।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সোমবার ( ১৭ আগস্ট ) ভোর ৬টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বুলু বাদী হয়ে সুজন বালার বিরুদ্ধে কাউখালী থানায় মামলা করেন।
কাউখালী থানার ওসি ( তদন্ত ) মোঃ এবাদ আলী মোল্লা জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সুজন বালাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার( ১৮ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost