খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। তাদের উদ্যোগে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে ৮৪ জন ছানি রোগী চিকিৎসা ও অপারেশনের মাধ্যমে নতুন করে পৃথিবীর আলো দেখার সুযোগ পেয়েছেন।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়,গত ৭ মার্চ মহালছড়ি জোনের উদ্যোগে একটি বৃহৎ বিনামূল্যের চক্ষু ও সাধারণ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। ওই ক্যাম্পে প্রায় ১ হাজার ২৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে পাঁচ শতাধিক ছিলেন চক্ষুরোগী।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করে ১২৭ জনকে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পরবর্তীতে ১২ মে আরও ৬০ জন রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
এরপর শুরু হয় ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপ। তালিকাভুক্ত রোগীদের মধ্যে যারা স্বেচ্ছায় ছানি অপারেশনে আগ্রহ প্রকাশ করেন, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটারাক্ট (ছানি) সার্জারির ব্যবস্থা করে মহালছড়ি জোন।
একজন বয়োজ্যেষ্ঠ রোগী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “অনেক বছর ধরে চোখে ঠিকমতো দেখতে পারতাম না। মনে হতো জীবনের আলো নিভে যাচ্ছে। আজ আবার পরিষ্কার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি।”
মহালছড়ি জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ( আরএমও) ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন বায়েজিদ জানান, গত ৬ জুন মহালছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় মোট ১০৬ সদস্যের একটি দল চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্দেশে যাত্রা করে। তাদের মধ্যে ৮৪ জন ছিলেন ছানি রোগী এবং ২২ জন ছিলেন সহায়ক স্বজন বা অ্যাটেনডেন্ট। রোগীদের মধ্যে ৪৫ জন নারী ও ৩৯ জন পুরুষ ছিলেন।
অপারেশন-পরবর্তী সময়ে রোগীদের চিকিৎসা, নিরাপত্তা, থাকা-খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সেনা সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ৮ জুন সেনাবাহিনীর তত্ত্বাবধানে রোগী ও তাদের সহযাত্রীদের নিরাপদে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost