জেমস আব্দুর রহিম রানা :: ঈদ মানেই আনন্দ,উৎসব আর প্রিয়জনদের সঙ্গে সুখ ভাগাভাগির মুহূর্ত। কিন্তু সমাজের অনেক মানুষ আছেন,যাদের কাছে ঈদ আসে নিঃশব্দে—অভাব, কষ্ট আর অনিশ্চয়তার মাঝেই। ঠিক এমন মানুষগুলোর মুখে ঈদের হাসি ফোটাতে এগিয়ে এসেছেন যশোরের মনিরামপুর উপজেলার নারী উদ্যোক্তা,শিক্ষানবিশ আইনজীবী সানজিদা জেরিন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ঈদের আগে কয়েকদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দরিদ্র পরিবারের দরজায় কড়া নেড়েছেন। কারও হাতে তুলে দিয়েছেন সেমাই, চিনি, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী; আবার কারও হাতে দিয়েছেন শাড়ি, লুঙ্গি ও শিশুদের জন্য নতুন পোশাক। অনেক পরিবারে তিনি নিজে উপস্থিত হয়ে খোঁজখবর নিয়েছেন তাদের জীবনসংগ্রামের।
[caption id="attachment_41708" align="alignnone" width="297"]
সানজিদা জেরিন[/caption]
মনিরামপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রামের বিধবা নারী রহিমা বেগম চোখের জল মুছতে মুছতে বলেন, “স্বামী মারা গেছে পাঁচ বছর আগে। দুই ছেলেমেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন কাটে। ঈদ আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগে—বাচ্চারা নতুন কাপড় চায়, কিন্তু আমার সামর্থ্য হয় না। আজ আপা ( সানজিদা জেরিন ) এসে যখন শাড়ি আর খাবার দিলেন, তখন মনে হলো কেউ যেন আমাদের দুঃখটা বুঝেছে। আল্লাহ তাকে ভালো রাখুক।”
আরেক উপকারভোগী দিনমজুর আব্দুল করিম বলেন, “কাজ না থাকলে ঘরে চুলা জ্বলে না। কয়েকদিন ধরে কোনো কাজ পাচ্ছিলাম না। ভাবছিলাম ঈদটা কেমন করে কাটবে। আজ চাল-ডাল আর সেমাই পেয়ে মনে হচ্ছে এবার অন্তত বাচ্চাদের মুখে হাসি ফুটবে।”
এবিষয়ে সানজিদা জেরিন বলেন,“ঈদ আনন্দের উৎসব হলেও সমাজের অনেক মানুষ সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে। আমি চেষ্টা করি অন্তত কিছু মানুষের পাশে দাঁড়াতে, যাতে তাদের ঈদটা একটু হলেও আনন্দময় হয়। মানুষের মুখে হাসি দেখলেই আমার সব কষ্ট সার্থক মনে হয়।”
তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমি কাজ করার চেষ্টা করি। আমাদের সমাজে অনেক সামর্থ্যবান মানুষ আছেন। সবাই যদি নিজের অবস্থান থেকে সামান্য সহযোগিতা করেন, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।”
উল্লেখ্য,মানবিক কর্মকাণ্ডে সানজিদা জেরিনের এই উদ্যোগ নতুন নয়।এর আগেও করোনা মহামারির কঠিন সময়ে তিনি নিজের মাটির ব্যাংকে জমানো টাকা ভেঙে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেই অর্থ দিয়ে তিনি বহু দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেন। এছাড়াও বিভিন্ন সময়ে বন্যা দুর্গত মানুষের জন্য বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।
মানবিক কাজের প্রতি তার এই অঙ্গীকার ও নিষ্ঠার কারণে অনেকেই তাকে ভালোবেসে “মানবতার ফেরিওয়ালা” নামে অভিহিত করেছেন। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে এবং অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost