
বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯টি স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।আটককৃত সিদ্দিকুর রহমান বরগুনা জেলার বামনা থানার সিংরাবুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন,বেনাপোল চেকপোস্ট দিয়ে এক যাত্রী স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে এমন গোপন খবরে, বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেয়।
সন্দেহভাজন সিদ্দিকুর নামে ওই যাত্রী তার পাসপোর্টের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।পরে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ টি স্বর্ণের বার উদ্ধার।উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৪৪ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।
আটক স্বর্ণ ও মামলা দিয়ে পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আরো জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost