
চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ( ১৩ জুন ) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক বড়মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জিদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস এম হাবিবুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসঊদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে যে কর্মসূচি গ্রহণ করেছেন, বৃক্ষরোপণ তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে এবং সেই লক্ষ্যেই সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে চলতি মৌসুমে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জেলার পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।