এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক। আটককৃত ডাকাত রবিউল ইসলাম( ৪১) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং চাঁদাবাজি করে আসছিলো।
কোস্ট গার্ডের নিয়মিত বিফ্রিং এ কর্মকর্তা- লেঃ আশিকুল ইসলাম ইমন, (এক্স), বিএন (নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌফিক) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে এবং চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে প্রেরণ করেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৫ মার্চ বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়।
উল্লেখ্য,ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করার ফলে উক্ত বাহিনীর সার্বিক কার্যক্রম অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost