এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা কারাগারে হামলা,ভাঙচুর ও লুটপাটের পর পালিয়ে যাওয়া ৮৭ বন্দির মধ্যে আরও দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১১ আগস্ট ) রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)। তারা দুজনই সাতক্ষীরা কারাগারের বন্দি ছিলেন। এ নিয়ে কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে ৪৮ জনকে গ্রেফতার করা হলো। এখনো পলাতক রয়েছেন ৩৯ জন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজী ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় মোজাম ও রফিকুলসহ মোট ৮৭ বন্দি কারাগার থেকে পালিয়ে যান। পরে তারা নিজ নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন।বন্দিদের পালিয়ে যাওয়ার ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট মামলা করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost