
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: জগতের প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর )সকালে খাগড়াছড়ি জেলা সদরের ২নং প্রকল্প গ্রাম ও বৃহত্তর সনাতনী ত্রিপুরা সমাজের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কয়েক কিলোমিটার এলাকা ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি দারুণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগমল ত্রিপুরার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ধনেশ্বর ত্রিপুরা,ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, রাধা বঙ্কুবিহারী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমৃত লাল ত্রিপুরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, “আজকের এই আলোচনা সভার তাৎপর্য শুধু আজকের দিনের জন্য নয়; এর শিক্ষা আমাদের সারাজীবন মনে রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শ্রীকৃষ্ণ বহু বছর আগে আবির্ভূত হয়েছিলেন আমাদের জন্য, যাতে আমরা সুখ, শান্তি ও আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারি। তাঁর শিক্ষা আমাদের অন্যায় ও অশুভের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে।”