
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক(খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ( ভিডিপি )। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য প্রস্তুতিমূলক সমাবেশ ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি ) দুপুরে আয়োজিত এ সমাবেশে খাগড়াছড়ি জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী দায়িত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
সমাবেশে খাগড়াছড়ি জেলার পাঁচটি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি জেলার অন্যান্য উপজেলা ছাড়াও পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান থেকে আনসার ও ভিডিপি সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ব্রিফিংয়ে অংশ নেন। এতে পার্বত্য তিন জেলার মধ্যে সমন্বিত নিরাপত্তা প্রস্তুতির একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ডঃ সাইফুর রহমান। তিনি বলেন,
“খাগড়াছড়ি জেলার ২০৩টি ভোটকেন্দ্রে প্রত্যেক কেন্দ্রে ১৩ জন করে মোট ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনের পাশাপাশি টহল আনসার ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।”